অনলাইন ডেস্ক


আধুনিক প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান যুগ ইন্টারনেটনির্ভর, যেখানে যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে। কর্পোরেট বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সের বিকাশ হিসাববিজ্ঞান পেশায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই পরিবর্তনকে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এখনকার দিনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা শুধু হিসাবরক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ নন, বরং প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না থেকে প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

পেশাগত নৈতিকতার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অ্যাকাউন্টিং পেশার মূল ভিত্তি হলো আস্থা। আর্থিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সিএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আধুনিক সমাজ ও পুঁজিবাদী ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের ভূমিকা কেবল হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয়। বরং তারা অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক অবদান রাখতে পারেন।

তিনি নবীন সিএদের সমাজ ও অর্থনীতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।