আন্তর্জাতিক রিপোর্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য বারবার যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি জানান, অতীতের একাধিক মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব নাকচ করলেও ডোনাল্ড ট্রাম্পই কেবল এতে সম্মতি দেন।

শুক্রবার ‘দ্য ব্রিফিং উইথ জেন সাকি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি এসব তথ্য তুলে ধরেন বলে জানিয়েছে আল-জাজিরা। তিনি বলেন, বারাক ওবামার প্রশাসনে দায়িত্ব পালনকালে নেতানিয়াহুর সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে ইরানে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে জোরালো অনুরোধ জানানো হয়েছিল।

কেরির ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্টদের কাছেও এই প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ—কেউই এতে সায় দেননি। একমাত্র ট্রাম্প প্রশাসনই এই প্রস্তাবে ইতিবাচক অবস্থান নেয়।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে কেরি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে নেতানিয়াহু একটি চার দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। এতে দেশটির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা, বিদ্যমান শাসনব্যবস্থা দুর্বল বা পতনের দিকে ঠেলে দেওয়া, গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি এবং ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

কেরি আরও জানান, এসব প্রস্তাব শুধু ব্যক্তিগত আলোচনায় নয়, বরং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠকেও উপস্থাপন করা হয়। বিভিন্ন পক্ষ থেকে আপত্তি আসলেও নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে আসেননি।

বিশ্লেষকদের মতে, কেরির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কৌশল ও প্রভাব বিস্তারের লক্ষ্য সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।