নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুরের কমলনগরে ইভটিজিং সহ্য করতে না পেরে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মো. ওমর ওরফে রাহিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত ওমর লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার (৮ নভেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩-এর নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, ভিকটিম স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা প্রবাসে থাকায় মা’র সাথে থেকে পড়াশোনা করছিল। মাদরাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত ওমর তাকে নিয়মিত উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করত। ভিকটিমকে অপমানিত করতে সে মিথ্যা অপপ্রচারও চালায়। ভিকটিমের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওমরকে সতর্ক করলেও সে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ২৩ আগস্ট আত্মহত্যা করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ওমরকে গ্রেপ্তার করে। তাকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং শনিবার আদালতে হাজির করা হবে।