দৈনিক পুঁজিবাজার: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক পরিবেশ সনদ অর্জনের জন্য “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ” এর চেয়ারম্যান ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর কামালকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভিয়েতনামের হ্যানয় সিটিতে জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩ দিনের সম্মেলনে অংশগ্রহণ শেষে নূর কামাল এই সনদ অর্জন করেন। সম্মাননাটি তার পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
আজ ১০ অক্টোবর ২০২৪, বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের (২য় তলা) জহুর হোসেন চৌধুরী হলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অবঃ) ডা. এম আজিজুল্লাহ নুরুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, পরিবেশবিদ মোঃ আসাদুর রহমান খান, এবং ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর উপদেষ্টা মোঃ ফোরকান।
অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নদী রক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, বিশ্ব নাগরিক সংগঠন বাংলাদেশ শাখার চেয়ারম্যান প্রীতি সরমান, এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর আইসিটি কর্মকর্তা মোঃ সাগর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া।
বক্তারা বলেন, নূর কামালের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার এই প্রাপ্তি দেশের পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।









