স্টাফ রিপোর্টার

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে বলে জানানো হয়েছে। দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।

স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের মতামত এবং বিশ্বব্যাপী মানমন্দিরগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে অস্ট্রেলিয়ার ফাতওয়া কাউন্সিল।

কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে পবিত্র রমজান মাস শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ)। ফলে পরদিন শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়াজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে এবং একই দিন থেকে শুরু হবে ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাস।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ও ফাতওয়া কাউন্সিল যৌথভাবে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের সময় এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখার সম্ভাবনা—এসব বিষয়ে বিস্তারিত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব পর্যালোচনা করেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্বখ্যাত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

তবে চাঁদ দেখার বিষয়টি নিয়ে অন্য কিছু ইমাম বা আলেমের ভিন্ন মত থাকতে পারে বলেও উল্লেখ করেছে ইমাম পরিষদ। এ ধরনের মতপার্থক্যকে সম্মান জানিয়ে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিম সম্প্রদায়কে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ঈদ উদযাপনের সময় পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তারা।