
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত ঘোষিত স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আইএফআইসি ব্যাংক: সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের ঘোষণা করেছিল আইএফআইসি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইএফআইসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৬ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা এবং সমন্বিত এনভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সায়।
ডাচ্-বাংলা ব্যাংক: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে গতকাল কেবল স্টক লভ্যাংশ পাঠিয়েছে ব্যাংকটি।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৮০১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬৬ কোটি টাকা। সে হিসাবে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৪১ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১০ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস হয়েছে ৬৪ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।
চলতি ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩ পয়সায়।







