ডিএমসি ডে-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ, সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান

সংবাদ:
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, আধুনিকায়ন এবং চিকিৎসা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।