
পুঁজিবাজার প্রতিবেদক :
ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) নবায়ন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে)-কে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)-কেও অবহিত করা হয়েছে।
সিএসই জানায়, সিডিবিএলের ৫ জুলাই এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২ জুলাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ট্রেডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিএসইসি ও সিডিবিএলের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগে, নিবন্ধন সনদ নবায়ন না করায় ২ জুলাই ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের ট্রেডিং কার্যক্রম স্থগিত করে ডিএসই। পরবর্তীতে ৫ জুলাই সিডিবিএল প্রতিষ্ঠানটির ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) কার্যক্রমও স্থগিত করে। ফলে প্রতিষ্ঠানটির গ্রাহকদের বিও হিসাবসংক্রান্ত বিভিন্ন ডিপোজিটরি সেবাও আপাতত বন্ধ রয়েছে।
ডিএসই জানায়, একাধিকবার তাগিদ দেওয়ার পরও প্রতিষ্ঠানটি স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন করতে ব্যর্থ হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী বৈধ নিবন্ধন ছাড়া কোনো ট্রেক হোল্ডার শেয়ার লেনদেন পরিচালনা করতে পারে না। এ কারণেই প্রতিষ্ঠানটির ট্রেডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে।






