পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানাটি পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে কোম্পানির কার্যক্রম সচল রাখতে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা জানিয়েছে, ইতোমধ্যে নতুন বয়লার মেশিন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সাব-স্টেশন সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি রিফাইনারি ইউনিটসহ পুরো কারখানার প্ল্যান্ট ও যন্ত্রপাতির সংস্কার ও মেরামতের কাজও এগিয়ে চলছে।

এসব যন্ত্রপাতি সংগ্রহ ও মেরামত কার্যক্রমে মোট প্রায় ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরিভুক্ত এমারেল্ড অয়েল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ কোটি ৯০ লাখ টাকা।