
পুঁজিবাজার প্রতিবেদক :
সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার লেনদেনের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭৯ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে মোবাইল অ্যাপের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৩৭ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মোবাইল অ্যাপের মাধ্যমে মোট ১৬ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকায় পৌঁছেছে। মোট লেনদেনের মধ্যে মোবাইল অ্যাপের হিস্যা ১৪ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ১৬ দশমিক ৬৭ শতাংশে উন্নীত হয়েছে।
তবে এ সময়ে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২৬ হাজার ৬৭ জন থেকে কমে ১৬ হাজার ৩১৩ জনে নেমে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যবহারকারী কমলেও সক্রিয় বিনিয়োগকারীদের বড় অঙ্কের লেনদেনের কারণেই মোবাইলভিত্তিক লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।
২০২৫-২৬ অর্থবছরে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ দশমিক ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস৩০ প্রায় ২০ শতাংশ এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১০ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থবছর শেষে ডিএসইর বাজার মূলধন ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬ লাখ ৯৮ হাজার ৬৯২ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের জুন শেষে ছিল ৬ লাখ ৬২ হাজার ২৭১ কোটি টাকা।
এ সময় পুঁজিবাজারে মোট লেনদেনের পরিমাণ ৫৫ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬৮৯ কোটি টাকায় পৌঁছেছে। দৈনিক গড় লেনদেন ছিল ৭২২ কোটি টাকা। পাশাপাশি ব্লক মার্কেটে লেনদেন ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭ হাজার ১২৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তাদের মোট লেনদেন দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৩ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ৩ হাজার ৯৪১ কোটি টাকা। তবে এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরা কেনার তুলনায় বেশি শেয়ার বিক্রি করেছেন।
এদিকে লেনদেন বৃদ্ধির ফলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৩৭ অনুযায়ী ডিএসই টার্নওভারের বিপরীতে সরকারের কোষাগারে ১০৪ কোটি টাকার বেশি কর জমা হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, ইন্টারনেটের সহজলভ্যতা এবং ঘরে বসেই সহজে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় মোবাইল অ্যাপ ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাদের মতে, এ প্রযুক্তিনির্ভর পরিবর্তন ভবিষ্যতে দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।






