ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অপসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ চললেও আন্দোলনের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল ব্যক্তি বিক্ষোভ সমাবেশ করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে চেয়ারম্যানের পদে মো. খুরশীদ আলমকে বহাল রাখা হবে কি না—এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান জানতে চাইলে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের সঙ্গে নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, কোনো আন্দোলনের চাপে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না। যদি একটি পক্ষের আন্দোলনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে বিপরীত পক্ষের আন্দোলনের মুখেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তাই কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুসারেই সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরিফ হোসেন খান আরও বলেন, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান স্পষ্ট।

উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

এর আগে একই দিনে ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। এরপরই খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।