নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রাহকের আস্থা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে শক্ত অবস্থান তৈরি করার প্রত্যয় নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের পাশাপাশি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি এবং সব বীমাকারীর কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে সোনালী লাইফের চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ১৩ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, দ্রুত দাবি পরিশোধ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জীবন বিমার প্রকৃত মূল্য তখনই প্রকাশ পায়, যখন গ্রাহক বা তার পরিবার প্রয়োজনের সময়ে দ্রুত ও স্বচ্ছভাবে প্রাপ্য দাবি পেয়ে যায়। তাই দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ দাবি নিষ্পত্তি সোনালী লাইফের অন্যতম প্রধান অগ্রাধিকার।
কোম্পানি জানায়, ২০২৫ সালে সোনালী লাইফ মোট ৪০৫ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২৫৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৪১ কোটি ২৯ লাখ টাকা।
মোট প্রিমিয়াম আয়ের ভিত্তিতে দেশের ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে সোনালী লাইফ পঞ্চম স্থান অর্জন করেছে। একই সময়ে লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম এবং বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড ও বিনিয়োগ—এই চারটি গুরুত্বপূর্ণ সূচকেই শীর্ষস্থান ধরে রেখেছে সোনালী লাইফ।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে।




