নিজস্ব প্রতিবেদক , বরিশাল :
বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলার আগস্ট মাসের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে অবসর ও পদোন্নতিজনিত বদলির কারণে দুই উপজেলা প্রকৌশলীকে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা।
বুধবার (১৯ আগস্ট) বরগুনা জেলা এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান।
অগ্রগতি পর্যালোচনা সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের বর্তমান পরিস্থিতি, নতুন প্রকল্পের প্রস্তাব প্রেরণ এবং নির্মাণকাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে প্রকল্পের কাজ নিয়মিত তদারকি এবং বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ফিল্ড টিমকে নির্দেশনা দেন নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান।
সভা শেষে বিদায়ী দুই প্রকৌশলীকে সংবর্ধনা দেওয়া হয়। বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম অবসরজনিত কারণে এবং বামনা উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতিজনিত বদলির কারণে বিদায় নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই প্রকৌশলীর কর্মজীবনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে এলজিইডি বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, জেলার সব উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পে কর্মরত সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী, কনসালট্যান্ট, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।



