চলমান কার্যক্রম নিয়ে ঢাকা ডাইংয়ে নিরীক্ষকের শঙ্কা
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেড আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর্থিক সংকট কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ফলে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে (রিটেইন লস) পতিত হয়েছে। এছাড়া দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি ঋণের বড় অংশই কারেন্ট ম্যাচুউরিটি বা পরিশোধের সময় হয়েছে। পাশাপাশি উৎপাদন সক্ষমতার বড় অংশ ব্যবহার হচ্ছে না। বিদ্যমান এই শোচনীয় দুরাবস্থার কারণে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘জেড’ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৮৭ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩টি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩০.১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.২৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৫৭ শতাংশ শেয়ার আছে।










