সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের ছুটির সঙ্গে যোগ করে ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন দেওয়া হয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর ফলে সরকারি কর্মকর্তারা এবারের ঈদে মোট সাত দিন টানা ছুটি উপভোগ করতে পারবেন, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, “প্রথম সংসদ অধিবেশন এবং ঈদের ছুটি বিষয়ক আলোচনা হয়েছে। ১৮ মার্চ থেকে ঈদের ছুটি অনুমোদিত হয়েছে।”
সরকার জানিয়েছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি পালন করা হবে। ঈদের আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদের ছুটি শুরুর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। এরপরে ১৮ মার্চ অফিস খোলা হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রিপরিষদে আজ এই দিনের সাধারণ ছুটি অনুমোদনের ফলে আরও একটি দিন ছুটি যোগ হলো।
বিশেষ করে, ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের বিশ্রাম নিতে পারবেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।









