গ্যাসের লিক থেকে আগুন, রাজধানীতে দগ্ধ ৪
নিউজ ডেস্ক
রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজারে একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সি ছেলে মায়ান (০৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জালান জানান, হাজারীবাগের রায়েরবাজার ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের ৬ তলার নিচতলার একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, শেখ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি পূর্ব রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার ৬ তলার নিচতলার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগের রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে শেখ রোমান ২৫ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, শিশু মায়ান ২৪ শতাংশ এবং অপু ৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
চিকিৎসক আরও জানান, দগ্ধদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।









