নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটির পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সকল রাজনৈতিক অংশীজনকে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে উল্লেখ করা হয়, দেশের সকল নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা জরুরি। বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে; এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বার্তায় তুলে ধরা হয়।
সংস্থাটি আশা প্রকাশ করেছে, সাম্প্রতিক নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।








