‘সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
নিউজ ডেস্ক (দৈনিক পুঁজিবাজার) : কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের নানা সমস্যার কথা শুনে একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন জুবাইদা রহমান।
বুধবার বিকেলে হাতিঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তিন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
জুবাইদা রহমান বলেন, “আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আপনাদের সমস্যার কথা আমাদের জানিয়েছেন। আমরা আরও শুনব, আরও জানব এবং একে অপরকে জানার মাধ্যমে সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি। আমাদের স্লোগান— আমার আগে ‘আমরা’, আমাদের আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’, সবার আগে ‘বাংলাদেশ’। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকা থেকে আগত বিভিন্ন পেশার মানুষের বক্তব্য শুনে তিনি বলেন, এলাকার সমস্যাগুলো গভীর ও বহুমাত্রিক হলেও সঠিক পরিকল্পনা থাকলে তা সমাধান করা সম্ভব।
ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় রিকশাচালক, পরিবহন শ্রমিক, পোশাককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা নিজ নিজ এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাসপাতাল ও খেলার মাঠ নির্মাণ, শিল্প এলাকায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, নারী শ্রমিকদের নিরাপত্তা, যানজট নিরসন, বস্তিবাসীদের পুনর্বাসন এবং গণপরিবহনে লাইসেন্স সংক্রান্ত দুর্নীতি দূরীকরণের দাবি তুলে ধরেন।
অর্থনীতি, রাজনীতি ও উন্নয়নের নির্ভরযোগ্য সংবাদ — দৈনিক পুঁজিবাজার






