সিইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর সড়কের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, আগুন লাগে সিইপিজেড এলাকার ৭ তলা বিশিষ্ট আল হামিদ টেক্সটাইল কারখানার ষষ্ঠ তলায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সপ্তম তলায়। জানা গেছে, দুটি ফ্লোরই কারখানার ওয়্যারহাউজ হিসেবে ব্যবহৃত হয়।
কারখানার শ্রমিক মোহাম্মদ হোসেন জানান, আগুন লাগার সময় কারখানায় দেড় হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। তবে যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে শ্রমিকদের উপস্থিতি ছিল না। ধোঁয়া দেখতে পেয়েই নিচতলায় কর্মরত শ্রমিকরা দ্রুত ভবন থেকে নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ ইউনিটও কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত চলছে।









