
পুঁজিবাজার অনলাইন প্রতিবেদন।।
বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও জোরদার করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় অবসরের সময় অংশগ্রহণকারীরা তাদের মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় অবসর গ্রহণের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশন সুবিধার পাশাপাশি এককালীন উল্লেখযোগ্য পরিমাণ অর্থও হাতে পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই সুবিধা অবসর-পরবর্তী জীবনে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি, নারী ও প্রবীণদের সহায়তা জোরদার, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত