বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, দুইদিনে কমলো ৮০ হাজার টাকা

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, দুইদিনে কমলো ৮০ হাজার টাকা

নিউজডেস্ক
আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ করেই স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একদিনেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময় ৩০ জানুয়ারি (শুক্রবার দিবাগত রাত) রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। আরও আগে, বৃহস্পতিবার সকালে সোনার দাম উঠে যায় ৫ হাজার ৫৫০ ডলারেরও ওপরে, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষণে দেখা যায়, রেকর্ড দাম স্পর্শ করার পর মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। এত স্বল্প সময়ে এত বড় পতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

খাত সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যু, একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় সোনার দাম দ্রুত বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছায়। তবে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর গত দুই দিন ধরে দাম কমতে শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, ফলে দামও দ্রুত বাড়তে থাকে। তবে স্বল্প সময়ের মধ্যেই ভালো মুনাফা পাওয়ায় অনেক বিনিয়োগকারী এখন লাভ তুলে নিতে শুরু করেছেন। পাশাপাশি মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার ইঙ্গিত সোনার দামে চাপ তৈরি করছে। এর সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক দরপতন ঘটেছে।

বিশ্ববাজারের এই বড় দরপতনের প্রভাব দ্রুতই দেশের বাজারে পড়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে ভরিপ্রতি সোনার দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে ২৪ ঘণ্টা না যেতেই আবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।

শুক্রবার সকালে ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। নতুন দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।

বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী—
২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা,
২১ ক্যারেটের দাম ২ লাখ ৫৯ হাজার টাকা,
১৮ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ২৪ টাকা,
এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা

রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা,
২১ ক্যারেট ৭ হাজার ৪০৭ টাকা,
১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকা,
এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা
-দৈনিক পুঁজিবাজার

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.