বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান এনডিপির

অনলাইন প্রতিবেদক

পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি-র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে সমাগত পবিত্র রমজান। রমজানের শেষ দশকে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস তাকওয়া অর্জন, আত্মসংযম চর্চা, সহনশীলতা বৃদ্ধি এবং মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাস।
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
এনডিপি নেতৃবৃন্দ রমজানকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনমানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা নতুন সরকারের প্রতি বিশেষ নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে না পারে, সে জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানান তারা।
দরিদ্র মানুষের জন্য ভর্তুকির দাবি
নেতৃবৃন্দ বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারে, সে জন্য প্রয়োজনে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে টিসিবি বা অনুরূপ ব্যবস্থার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ বাড়ানোর আহ্বান জানান তারা।
সামাজিক শালীনতা রক্ষার আহ্বান
এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা ও অসামাজিক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনডিপি নেতৃবৃন্দ।
বিবৃতির শেষাংশে তারা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, রমজান হোক আত্মশুদ্ধি, ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাস। সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালন করে একটি সহনশীল ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.