টানা দরপতনে বাজার, কমেছে লেনদেন
পুঁজিবাজার প্রতিবেদক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ মার্চ) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন ঘটেছে। ফলে চলতি সপ্তাহে তিন কার্যদিবস পতন হয়েছে সূচকের।
ইরানের সঙ্গে আমেরিকার ও ইসরায়েলের যুদ্ধ এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন ইস্যুতে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকাল থেকেই সূচকের ঊত্থান ও পতনে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত উভয় পুঁজিবাজারে সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩.০৩ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ০.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২.৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৭৪ পয়েন্ট কমে ২ হাজার ৪৫.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২৭টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।
এ দিন ডিএসইতে মোট ৫৮২ কোটি৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫২.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৭৫.৮৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭.৬০ পয়েন্টে, শরিয়াসূচক ৪.০৯ পয়েন্ট কমে ৮৯৭.১৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২১.৫৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৪৯.৩৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৮টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।
এদিন, সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।










