
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকা ইলিশ এবং ২ লক্ষ মিটার অবৈধ জাটকা ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জন জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা বাস্তবায়নে শনিবার রাতভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে পানগুছি ও বলেশ্বর নদীতে জাল পাতার অপরাধে বলেশ্বর নদীর কুমারখালী এলাকা থেকে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় ১৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি, ২ লক্ষ মিটার অবৈধ জাল রোববার সকালে সোলমবাড়িয়া বালুর মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে পূর্বে জব্দ করা মাছ ধরার একটি ছোট নৌকা নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলায় ১০ জন জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, মোরেলগঞ্জ কোস্ট গার্ডের কন্টিজেন্ট পেটি অফিসার মঞ্জুর হোসেন এবং মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
সরকারি এই উদ্যোগের ফলে অবৈধ জাটকা ধরা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত