
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের ছাব্দারপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন ছাব্দারপুর স্টেশন এলাকায় পৌঁছালে এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীবাহী ট্রেনগুলো নির্ধারিত পথে চলাচল করতে পারছে না।
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন সচল করার কাজ করছে।
তিনি বলেন, লাইনচ্যুতির কারণে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং পথে আটকে রয়েছে। ট্রেনটি খুলনায় পৌঁছে রূপসা এক্সপ্রেস হিসেবে পুনরায় যাত্রা করার কথা থাকলেও দুর্ঘটনার কারণে সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেসও পথে আটকা পড়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত