
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ভৈশামুড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া-ব ০৫-০০৫৫) এবং ঢাকাগামী একটি মালবাহী পিকআপ (নম্বর: ঢাকা মেট্রো-ড ১১-৬৪৫০)-এর মধ্যে সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতরা হলেন— আরশ আলী মুন্সি (৭০), পিতা: মৃত ফজু মুন্সি, গ্রাম শাহবাজপুর, উপজেলা সরাইল; মৌসুমী দাস (৩০), স্বামী: সমর দাস, কাটিয়ারা, মাধবপুর; আলিফ হাসান (৮); এবং তনয় মজুমদার, পিতা: সেতু মজুমদার, ইব্রাহিমপুর, নবীনগর উপজেলা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে খাঁটিহাতা হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় সময়ের সঙ্গে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত