১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনের আনন্দ উদযাপন করল বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার প্রতিবেদক
গ্রাহকদের আস্থা, কর্মীদের নিরলস পরিশ্রম এবং শরিয়াহ্ভিত্তিক সেবার প্রতি দৃঢ় অঙ্গীকারের ফলস্বরূপ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালে ১০০ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে আজ শনিবার (১৮ জানুয়ারি, ২০২৬) ঢাকার কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মোঃ জসিম উদ্দিন, প্রেসিডেন্ট, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই অর্জন শুধু একটি সংখ্যাগত সাফল্য নয়; এটি বিশ্বাস, নৈতিকতা ও টেকসই ব্যবসায়িক চর্চার প্রতিফলন।” তিনি ইসলামি জীবন বীমা খাতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের অবদান এবং ধারাবাহিক অগ্রযাত্রার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ, বিভিন্ন সংগঠন ও প্রকল্প প্রধানগণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এরও বেশি উন্নয়ন কর্মকর্তা ও কর্মীসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।
চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “১০০ কোটি টাকার এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের গ্রাহকদের অকুণ্ঠ আস্থা, মাঠপর্যায়ের কর্মীদের ঘাম ঝরানো পরিশ্রম এবং একটি ঐক্যবদ্ধ টিমের নিরলস প্রচেষ্টা।” তিনি ভবিষ্যতেও স্বচ্ছতা, মানবিকতা ও শরিয়াহ্ নীতির আলোকে কোম্পানির কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তাঁর বক্তব্যে এই সাফল্যের সঙ্গে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে আইডিআরএ, কোম্পানির পরিচালনা পর্ষদ, শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ড, উন্নয়ন কর্মকর্তা ও ব্যবস্থাপনা টিমের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই অর্জন আমাদের সম্মিলিত একাগ্রতা, পরিশ্রম ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।” এ সময় অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন সংগঠন প্রধান ও প্রকল্প প্রধানগণও বক্তব্য রাখেন।
আনন্দ, কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যয়ের আবহে অনুষ্ঠানটি শেষ হয় এই দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে যে, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মানুষের হালাল আর্থিক সঞ্চয়, পরিবারকেন্দ্রিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশ্বস্ত সঙ্গী হিসেবে আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।










