
পুঁজিবাজার প্রতিবেদক :
ভূরাজনৈতিক উত্তেজনা ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থানের অপেক্ষায় টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করার পর মঙ্গলবার লেনদেনে মূল্যবান ধাতুটির দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৮ দশমিক ৩২ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।
নিকোলাস ফ্র্যাপেল বলেন, গত সপ্তাহের ধারাবাহিকতায় স্বর্ণের বাজার এখন একটি সমর্থন স্তর তৈরি করছে। তবে বাজারের মূল নজর রয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের কার্যবিবরণীর দিকে, যা থেকে সুদের হার নিয়ে ভবিষ্যৎ নীতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শ-এর প্রথম বৈঠকে ভবিষ্যৎ সুদের হার নিয়ে আগের মতো সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। এর ফলে নতুন অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নমনীয়তা বজায় থাকবে।
বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর স্বর্ণের দাম ইতোমধ্যে ২৫ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত, মূল্যস্ফীতির আশঙ্কা, শক্তিশালী ডলার এবং সুদের হার বাড়ার প্রত্যাশা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে।
তবে সোমবার স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। যুদ্ধবিরতির ফলে মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর স্বল্পমেয়াদে সুদের হার বাড়ার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৫৬ শতাংশ, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ৬০ শতাংশের বেশি ছিল। সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৪৮ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৪৬ ডলার হলেও প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৭২ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত