
স্পোর্টস ডেস্ক
বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড আজ আবারও মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের ১৫তম লড়াই।
আগের ১৪ দেখায় ইংল্যান্ড এগিয়ে রয়েছে। তারা জিতেছে ছয়টি ম্যাচ, আর্জেন্টিনার জয় তিনটি এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। ১৯৬২ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ৩-১ গোলের জয় পায় ইংল্যান্ড। চার বছর পর ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড ১-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। পরে ফাইনালে পশ্চিম জার্মানিকে পরাজিত করে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে ইংলিশরা।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচেই জন্ম নেয় ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র মতো কিংবদন্তি দুটি মুহূর্ত।
১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াই ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপর ২০০২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
বিশ্বকাপে সবশেষ দেখার ২৪ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালের একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছিল ইংল্যান্ড।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত