
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গৃহীত পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী আখ্যা দিয়ে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বুধবার বিএমবিএর সেক্রেটারি জেনারেল সুমিত পোদ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দূরদর্শী উদ্যোগগুলো শেয়ারবাজারে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়াবে এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনটির মতে, বাজেটে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এ সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে কর-সুবিধা, লভ্যাংশের ওপর কর-সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয়সহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএমবিএ।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতেও শেয়ারবাজারের আধুনিকায়ন, টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারের সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নে তারা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত