
পুঁজিবাজার প্রতিবেদক :
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে সংঘটিত পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বাজার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করছে।
পুঁজিবাজারের পাশাপাশি শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং পর্যায়ক্রমে তাদের বেতন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে।
কৃষি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশের কৃষকদের আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত