
কৃষিতে নারীর অবদান: আসন্ন বাজেটে কেন অগ্রাধিকার প্রয়োজন
মিনহাজ উদ্দীন আত্তার :
ভোরের প্রথম আলো ফুটতেই গ্রামবাংলার মাঠে শুরু হয় নতুন দিনের সংগ্রাম। পুরুষের পাশাপাশি অসংখ্য নারীও নেমে পড়েন কৃষিকাজে—চারা রোপণ, আগাছা পরিষ্কার, ধান কাটা, সবজির পরিচর্যা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন থেকে শুরু করে কৃষির প্রায় প্রতিটি ধাপেই তাদের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ রয়েছে। অথচ কৃষির এই নীরব কারিগরদের অবদান এখনো যথাযথভাবে আলোচনায় আসে না।
বাংলাদেশের কৃষি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার পেছনে গ্রামীণ নারীদের শ্রম, ধৈর্য ও ত্যাগের বিশাল ভূমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় ১১ শতাংশ। মোট কর্মশক্তির প্রায় ৪০ শতাংশ এবং গ্রামীণ নারীদের প্রায় ৬০ শতাংশ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ দেশের খাদ্য উৎপাদনের বিশাল কর্মযজ্ঞের একটি বড় অংশ পরিচালিত হচ্ছে নারীদের হাত ধরে।
কিন্তু বাস্তবতা হলো—উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জমির মালিকানা, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ ও কৃষি প্রযুক্তি ব্যবহারের সুযোগে নারীরা এখনও অনেক পিছিয়ে। তারা মাঠে কাজ করেন, কিন্তু নীতিনির্ধারণী আলোচনায় তাদের উপস্থিতি খুব কম। কৃষির মূল শক্তি হয়েও অনেক ক্ষেত্রে তারা অদৃশ্য থেকে যান।
গত চার বছর ধরে দেশে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। একই সময়ে কৃষি প্রবৃদ্ধি কমে প্রায় ২.৪ শতাংশে নেমে এসেছে। কৃষক উৎপাদন বাড়াচ্ছেন, কিন্তু ন্যায্যমূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজারের অস্থিরতার সবচেয়ে বড় চাপ এসে পড়ছে গ্রামীণ নারীদের উপর। সীমিত সম্পদ নিয়ে তারা পরিবার, কৃষি ও জীবিকার ভার একসঙ্গে বহন করছেন।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তাই নারী কৃষকদের অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই। নারী কৃষকদের জন্য বিশেষ তহবিল, সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ডিজিটাল মার্কেটপ্লেসে অংশগ্রহণ এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। নারীদের শুধু শ্রমশক্তি হিসেবে নয়, সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও টেকসই উন্নয়নের সঙ্গে নারী কৃষকের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। কৃষিতে নারীর অবদানকে অবমূল্যায়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই পূর্ণতা পাবে না।
আসন্ন বাজেট যেন শুধু সংখ্যার হিসাব না হয়; এটি যেন গ্রামীণ নারী কৃষকের স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার একটি কার্যকর পদক্ষেপ হয়ে ওঠে।
নারী কৃষক বাঁচলে গ্রাম বাঁচবে,
গ্রাম বাঁচলে দেশ বাঁচবে।
লেখক:
মিনহাজ উদ্দীন আত্তার
কৃষি উদ্যোক্তা, সংগঠক ও প্রশিক্ষক
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত