
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলকে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরাইল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অস্ত্র প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা, পাশাপাশি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এ ধরনের অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করার পাশাপাশি অঞ্চলে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করবে।
প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে ইসরাইলও।
এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত